রাজধানীর শেলটেক লাউঞ্জে গতকাল শনিবার ‘বিজ্ঞানের মজার পাঠশালা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক দুই উপদেষ্টা ড. জামিলুর রেজা চৌধুরী ও রাশেদা কে চৌধুরীসহ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বইটির মোড়ক উন্মোচন করেন।
নির্মাতা প্রতিষ্ঠান শেলটেক ও সেরাজ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় প্রকাশিত হয়েছে। বইটি সম্পাদনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক ড. জেবা আই সেরাজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. তৌফিক এম. সেরাজ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এনভয় ও শেলটেক গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী কুতুবউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে জানানে হয়, শিক্ষার্থীদের বিজ্ঞান ভীতিকে বিজ্ঞান প্রীতিতে পরিণত করার জন্যই বইটি প্রকাশ করা হয়েছে। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান পাঠ্যবইটি ছবি ও এক্সপেরিমেন্ট সহকারে আরো সহজ ও সাবলীল করে শিশুতোষ উপযোগী করা হয়েছে। বিজ্ঞানপাঠে আগ্রহী করে তোলার জন্য প্রাথমিকভাবে বইটির ২ হাজার কপি বিনামূল্যে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের হাতে তুলে দেয়া হবে।